ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা : সেতুমন্ত্রী

সময়: 8:30 am - February 28, 2026 |

মানব কথা: সড়ক, পরিবহন ও নৌ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, ‘পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাঙ্ক টার্মিনাল, ড্রেজার বেইড ও বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জের নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি ঈদযাত্রা স্বস্তির হবে, নিরাপদে হবে। যেসমস্ত জায়গায় ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে, যেখানে যানজট তৈরি হয়, সড়কে শৃঙ্খলা থাকে না, সেখানে ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই এবার সবকিছু সুন্দরভাবে হবে। ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ সকল সংস্থা এবার তৎপর থাকবে।’

শীতলক্ষ্যা নদীর দূষণের বিষয়ে তিনি বলেন, ‘নদী দূষণের ব্যাপারে আমরা পরিবেশ মন্ত্রণালয়কে অবগত করব। আমাদের জায়গা থেকেও কিছু করণীয় আছে। সেগুলো চিহ্নিত করে আমাদের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেয়া দরকার সেগুলো আমরা দ্রুততম সময়ের মধ্যে নেব।’

এসময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর