বলিউড জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা-রণবীরের ঘরে আবার নতুন অতিথির সুখবর
মানব কথা: বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ঘরে আসছে নতুন অতিথি। প্রথম সন্তান দুয়া’র জন্মের রেশ কাটতে না কাটতেই আবারও মা হওয়ার সুখবর দিলেন দীপিকা। রোববার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিশেষ বার্তার মাধ্যমে এই আনন্দ সংবাদটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা জুটি।
ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্ট শেয়ার করেছেন রণবীর ও দীপিকা। সেখানে তাদের প্রথম কন্যা সন্তান ‘দুয়া’কে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে দেখা গেছে। এই সৃজনশীল ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছার জোয়ার বইছে। ভক্ত থেকে শুরু করে বলিউডের সহকর্মীরাও তাদের অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত করছেন।
নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, “বাহ, দারুণ খবর! দ্বিতীয় সন্তান আসছে…!” অসংখ্য অনুরাগী হার্ট ও লাভ ইমোজি দিয়ে তাদের আগাম শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর এই দম্পতির কোলজুড়ে এসেছিল তাদের প্রথম সন্তান দুয়া। এর আগে ২০১৩ সালে ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেট থেকে শুরু হওয়া এই তারকা জুটির প্রেম ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে পরিণয়ে রূপ নেয়। বর্তমানে ব্যক্তিগত সুখবরের পাশাপাশি পেশাগত জীবনেও দারুণ ব্যস্ত সময় পার করছেন দীপিকা ও রণবীর।

















