এসএসসি ২০২৬: অবসরপ্রাপ্ত শিক্ষককে হল সুপার নিয়োগের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: এসএসসি পরীক্ষা ২০২৬-এ অবসরপ্রাপ্ত এক সহকারী প্রধান শিক্ষককে হল সুপার হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, সিলেট শিক্ষা বোর্ড-এর অধীনে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল (কেন্দ্র কোড-৫১৫, EIIN: ১২৯৭৬০)-এর সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান গত ৩০ মার্চ ২০২৬ তারিখে অবসরে যান। কিন্তু সরকারি নীতিমালা লঙ্ঘন করে তাকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় হল সুপার হিসেবে প্রশাসনিক দায়িত্বে নিয়োগ প্রদান করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তির পরীক্ষা কেন্দ্রে প্রশাসনিক দায়িত্ব পালন বোর্ডের গোপনীয়তা ও বিধির পরিপন্থী। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এছাড়া, অবসরে যাওয়ার পরও তিনি দুইদিন বিদ্যালয়ে এসে এমপিওভুক্ত শিক্ষকদের হাজিরা খাতায় নিজের নামে স্বাক্ষর করেছেন বলে অভিযোগ রয়েছে, যা বেআইনি বলে দাবি করা হয়েছে। পরবর্তীতে শিক্ষকদের আপত্তির মুখে তিনি আর বিদ্যালয়ে যাননি।
তবে হঠাৎ করেই তাকে এসএসসি ২০২৬ পরীক্ষার হল সুপার হিসেবে নিয়োগ দেওয়ায় এ নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিযোগকারীরা এতে আর্থিক লেনদেনের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

















