শাহরাস্তিতে ১ ও ২ নং আসামি জামিনে: বাকিরা এখনো ধরাছোঁয়ার বাইরে
শাহরাস্তি প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি থানায় দায়েরকৃত মামলার ১ ও ২ নম্বর প্রধান আসামি আদালত থেকে জামিন পেলেও বাকি ৩ আসামিসহ অজ্ঞাতনামারা এখনো গ্রেপ্তার হয়নি। গত ২৬ মার্চ মামলাটি নথিভুক্ত হওয়ার পর প্রায় এক মাস পার হলেও অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থাকায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনমনে বিচার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলার নরিংপুর গ্রামের (উত্তর পাড়া ঠাকুর বাড়ী) মৃত মাওলানা মমতাজুল ইসলামের ছেলে মো: মনিরুল আলম মামুন (৪৫) বাদী হয়ে গত ২৬/০৩/২০২৬ইং তারিখে শাহরাস্তি থানায় মামলাটি দায়ের করেন (মামলা নং- ২৫)। মামলায় ১ নং আসামি রাজু পাটোয়ারী (২৪) এবং ২ নং আসামি মোঃ রাহুল (২১) সম্প্রতি আদালত থেকে জামিন লাভ করেন।
তবে মামলার অন্য তিন এজাহারভুক্ত আসামি—সংহাই গ্রামের মোঃ অন্তর (২১), মোঃ সোমান (২১) ও হৃদয় (২১)—সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন আসামি এখনো পলাতক রয়েছে। পুলিশ জানায়, আসামিদের গ্রেপ্তারে একাধিক অভিযান চালানো হলেও তাদের অবস্থান এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
মামলার বাদী মো: মনিরুল আলম মামুন উদ্বেগ প্রকাশ করে বলেন, “প্রধান আসামিরা জামিনে বেরিয়ে আসায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বাকি আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় তারা মামলার বিষয়ে আমাদের ভয়ভীতি দেখানোর সুযোগ পাচ্ছে।” তিনি সকল আসামিকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই বিষয়ে শাহরাস্তি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জনাব কুদ্দুস জানান, “১ ও ২ নং আসামি আদালত থেকে জামিন পেলেও পলাতক ৩, ৪ ও ৫ নং আসামিসহ অজ্ঞাতনামাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ তৎপরতা অব্যাহত রয়েছে। তাদের অবস্থানের ওপর নজরদারি রাখা হচ্ছে এবং খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।















