‘বিচারহীনতার হতাশা থেকেই কি বাড়ছে গণপিটুনি ও নৃশংস হত্যাকাণ্ড?’ — ডা. শফিকুর রহমান

সময়: 10:40 am - May 10, 2026 |

মানব কথা:- দেশের বিভিন্ন জেলায় সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, জনগণের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগ গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।

পোস্টে তিনি উল্লেখ করেন, সম্প্রতি নওগাঁ জেলায় চারজন, চট্টগ্রাম–এ তিনজন এবং গাজীপুর–এ পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া রোববার ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনাও তুলে ধরেন তিনি।

ডা. শফিকুর রহমান প্রশ্ন রাখেন, এসব ঘটনা কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ?

তিনি বলেন, “বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডই কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।” একইসঙ্গে তিনি দাবি করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ জনগণের আস্থা অর্জন করতে না পারলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না।

জামায়াত আমির আরও বলেন, সব সমস্যার মূলেই রয়েছে সরকারের সদিচ্ছা। যথাযথ উদ্যোগ ও আন্তরিকতার মাধ্যমে এ ধরনের সামাজিক সমস্যার কার্যকর সমাধান সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

Share Now

এই বিভাগের আরও খবর