শেখ হাসিনা কী বলছেন, তা নিয়ে সরকারের কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী
মানব কথা ডেস্ক:
আদালত কর্তৃক ‘রং হেডেড’ (অবিবেচক) উপাধি পাওয়া শেখ হাসিনা কী বলছেন, তা নিয়ে সরকারের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেন, একজন গণহত্যাকারী বাংলাদেশের আইন অনুযায়ী দেশে ফিরবেন, নিজের ইচ্ছেমতো নয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, বেতন-ভাতা, প্রশিক্ষণ, কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধা এবং সংগঠনটির সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নতুন ওয়েজবোর্ড নিয়ে কাজ করছে। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো নতুন ওয়েজবোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করলে নারী-পুরুষ নির্বিশেষে সব সংবাদকর্মীর জন্য ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি নারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও কর্মক্ষেত্রে সুযোগ সম্প্রসারণেও সরকার উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তিনি বলেন, নারী সাংবাদিকদের পেশাগত অগ্রগতি ও ক্ষমতায়নে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। বিএনপি সরকারের নারী সাংবাদিকদের অবহেলা করার কোনো মানসিকতা নেই। বরং নারীরা যাতে পেশাগত ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারেন, সে জন্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে সরকারের নির্দেশনা রয়েছে।
রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীদের দায়িত্ব পালনের কথা উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, তথ্য মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন প্রতিষ্ঠানের মহাপরিচালকসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নারীরা রয়েছেন। তাই নারী হওয়ার কারণে কাউকে চাকরি বা পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়—এমন ধারণার সঙ্গে তিনি একমত নন। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই নিয়োগ ও পদোন্নতি হওয়া উচিত। নারীদের শিক্ষাগত সাফল্যের উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন পরীক্ষার ফলাফলে মেয়েরা ভালো করছে এবং অনেক ক্ষেত্রে ছেলেদের চেয়েও এগিয়ে রয়েছে। ইংরেজি ভাষার দক্ষতা যাচাইসহ বিভিন্ন শিক্ষাগত মূল্যায়নেও নারীদের ভালো ফল দেখা যাচ্ছে। তাই নারী সাংবাদিকদের দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে গণমাধ্যমে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি করতে হবে। উইমেন্স জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে সভায় কার্যালয় ও এককালীন আর্থিক সহায়তার দাবি জানানো হয়। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই এ ধরনের দাবি রয়েছে। তবে নারী সাংবাদিকদের জন্য জাতীয় প্রেসক্লাবে নির্দিষ্ট জায়গা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং পৃথক শৌচাগারের ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা যেতে পারে। এ জন্য ফোরামকে যথাযথভাবে আবেদন করার পরামর্শ দেন তিনি। আবেদন করা হলে সহযোগিতার চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন। নারী সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়ে তিনি বলেন, পেশাগত দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি প্রয়োজন। নারী সাংবাদিকদের জন্য আলাদা প্রশিক্ষণ বা এক থেকে দুই মাসের স্বল্পমেয়াদি কোর্স চালু করা যায় কি না, সরকার তা বিবেচনা করবে।
তিনি আরও বলেন, শুধু আলাদা প্রশিক্ষণের সুযোগ দিলেই হবে না, প্রচলিত প্রশিক্ষণ কর্মসূচিতেও নারী সাংবাদিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পেশাগত উন্নয়নের সমান সুযোগ পেলে তাঁরা কর্মক্ষেত্রে আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন এবং নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। সাংবাদিকদের বেতন-ভাতা প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার নতুন ওয়েজবোর্ড নিয়ে কাজ করছে। তবে শুধু ওয়েজবোর্ড প্রণয়ন করলেই হবে না, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে এর নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। নারী-পুরুষ নির্বিশেষে সব সাংবাদিকের ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। উইমেন্স জার্নালিস্ট ফোরামের প্রকাশনা তথ্য অধিদপ্তরের (ডিএফপি) তালিকাভুক্তির বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রকাশনাটি ডিএফপির তালিকাভুক্ত করা গেলে সরকারি বিজ্ঞাপন পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে এ জন্য প্রচলিত আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিয়ম মেনে আবেদন করা হলে সরকারি বিজ্ঞাপন প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে। প্রতিমন্ত্রী বলেন, নারী সাংবাদিকদের সংগঠনকে শক্তিশালী করা, তাঁদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে সরকার আন্তরিক। এ জন্য ফোরামের নেতৃবৃন্দকে সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ নারী সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, বেতন-ভাতা, প্রশিক্ষণ, সাংগঠনিক অবকাঠামো এবং প্রকাশনার সরকারি তালিকাভুক্তিসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। তথ্য প্রতিমন্ত্রী তাঁদের বক্তব্য শোনেন এবং প্রস্তাবগুলো বাস্তবায়নের সম্ভাব্যতা বিবেচনা করে সহযোগিতার আশ্বাস দেন।









