মেগা প্রকল্প নয়, সামাজিক সুরক্ষায় বেশি গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী
মানব কথা:- বর্তমান সরকার এখন মেগা প্রকল্পের পরিবর্তে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১০ মে) রাজধানীর পিকেএসএফ ভবন–এ আয়োজিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)–এর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। অনুষ্ঠানে জানানো হয়, দেশের অনানুষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশ্বব্যাংক ও পিকেএসএফের যৌথ অর্থায়নে ‘আরএআইএসই’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে প্রায় ২ লাখ ৫ হাজার কর্মহীন তরুণকে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেওয়া হয়েছে।
পিকেএসএফ আরও জানায়, প্রকল্পটির সাফল্যের ধারাবাহিকতায় নতুন সম্প্রসারণ পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্ধিত প্রকল্পের আওতায় আরও ২ লাখ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন ও আর্থিক সহায়তা দেওয়া হবে।
অর্থমন্ত্রী বলেন, অতীতের দুর্নীতি ও অপচয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন থেকে যেকোনো প্রকল্প হাতে নেওয়ার আগে তার ভ্যালু, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা এবং পরিবেশগত প্রভাবকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, “সরকারি টাকা মানেই জনগণের ট্যাক্সের টাকা। তাই প্রতিটি প্রকল্পের পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা, আউটপুট এবং জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে।”
আমির খসরু জানান, বর্তমানে পরিকল্পনা কমিশনে থাকা প্রায় ১ হাজার ৩০০ প্রকল্পের মধ্যে অনেকগুলোরই কোনো কার্যকর রিটার্ন, কর্মসংস্থান সম্ভাবনা বা পরিবেশগত মূল্যায়ন নেই। এসব প্রকল্প বাতিলের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
অর্থনীতির গণতন্ত্রায়ণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, “শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও সাধারণ মানুষের অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করতে হবে।”









