পরিবার ও সমাজ উন্নয়নে নারীদের ভূমিকা অপরিসীম : ডা. জুবাইদা রহমান

সময়: 7:03 am - May 11, 2026 |

মানব কথা পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, নারীরা পরিবার ও সমাজের কেন্দ্রবিন্দুতে থেকে স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সোমবার (১১ মে) রাজধানীতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রতিটি মেয়ে তার ভবিষ্যৎ যেভাবে গড়ে তুলতে চায়, রাষ্ট্রকে সেই পথ সহজ করতে হবে, কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা নয়।

তিনি বলেন, “পুনাকের আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখার জন্য সংগঠনটির সব সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই।”

তিনি আরও বলেন, নারীদের সমাজসেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়তা করছে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে সামনে রেখে গৃহীত সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনাগুলো একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনের ভিত্তি তৈরি করছে।

ডা. জুবাইদা রহমান বলেন, স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। এজন্য যোগ্য নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নয়ন ও বিপণন সহায়তা প্রদান জরুরি। এতে পারিবারিক সচ্ছলতা বাড়বে, সন্তানের শিক্ষার সুযোগ নিশ্চিত হবে এবং দারিদ্র্য বিমোচন সহজ হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজক সংগঠন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সকল সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর