৯ জেলায় ঝড়ো হাওয়ার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
মানব কথা রাজধানী ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে সোমবার (১১ মে) সন্ধ্যার মধ্যে দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।










