মাদক সম্পৃক্ততায় পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি
মানব কথা: পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদক সেবন বা মাদক কারবারে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, মাদক দেশের যুবসমাজ ও ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে। তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করছে।অনুষ্ঠানে তিনি পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের সাহস, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং দেশের কল্যাণে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় গত ২০২৫ সালের ১ মার্চ থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৩৪১ জন পুলিশ সদস্যকে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫” প্রদান করা হয়। আইজিপি নিজে তাদের হাতে ব্যাজ পরিয়ে দেন। এছাড়া পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য উদ্ধারে সফল ইউনিটগুলোকেও পুরস্কৃত করা হয়। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিভিন্ন গ্রুপে চট্টগ্রাম জেলা পুলিশ, কক্সবাজার জেলা পুলিশ, র্যাব ও মহানগর পুলিশের একাধিক ইউনিট সাফল্য অর্জন করে। একইভাবে মাদকদ্রব্য উদ্ধারে ময়মনসিংহ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লালমনিরহাটসহ বিভিন্ন জেলা পুলিশ ও র্যাব ইউনিট শীর্ষ স্থান অর্জন করে। অনুষ্ঠানে শিল্ড প্যারেড প্রতিযোগিতায় যৌথ মেট্রোপলিটন দল প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান পায় এপিবিএন এবং তৃতীয় স্থান অর্জন করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল।









