আইসিসির সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ক্রিকেটার নাহিদ রানা

সময়: 12:35 pm - May 14, 2026 |

মানব কথা: বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২৬ সালের এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ বোলিং করে মাসসেরা খেলোয়াড়ের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন এই ডানহাতি গতিতারকা। তিন ম্যাচের সিরিজে মোট ৮ উইকেট শিকার করেন নাহিদ। এর আগে মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষেও তিন ম্যাচে নিয়েছিলেন ৮ উইকেট।ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের ফলেই প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার হাতে তুললেন নাহিদ রানা। একই সঙ্গে গত বছরের এপ্রিলের পর পুরুষ বিভাগে আবারও বাংলাদেশের কোনো ক্রিকেটার এই সম্মান অর্জন করলেন। সর্বশেষ এ পুরস্কার পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।
পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া তার জন্য গর্বের ও আনন্দের বিষয়। দেশের মাটিতে এমন অর্জন সিরিজটিকে আরও স্মরণীয় করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই তরুণ পেসার বলেন, দলের সবাই যেভাবে তাকে সমর্থন ও বিশ্বাস দিয়েছে, সেটিই তার আত্মবিশ্বাস বাড়িয়েছে। ভবিষ্যতেও দেশের জন্য আরও সাফল্য এনে দিতে চান বলে জানান তিনি।নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খুব একটা সফল না হলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান নাহিদ। ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।পাওয়ার প্লেতেই নিউজিল্যান্ডের দুই ব্যাটারকে ফিরিয়ে চাপ তৈরি করেন এই পেসার। পরে আরও তিন উইকেট নিয়ে কিউইদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। তার ৩২ রানে ৫ উইকেটের বিধ্বংসী বোলিংয়ে নিউজিল্যান্ড অলআউট হয় ১৯৮ রানে।চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডেতেও ২ উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নাহিদ। পুরো সিরিজে ১৬.৭৫ গড়ে ও ৪.৪৬ ইকোনমিতে ৮ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারও জিতে নেন তিনি।
দুর্দান্ত এই পারফরম্যান্সই শেষ পর্যন্ত এনে দিয়েছে এপ্রিল মাসের আইসিসি সেরা ক্রিকেটারের স্বীকৃতি।

Share Now

এই বিভাগের আরও খবর