‘সরকার টাকা ছাপাচ্ছে’—প্রচার ভিত্তিহীন: অর্থ উপদেষ্টা
মানব কথা:সরকার টাকা ছাপাচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচার চলছে, তা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। শনিবার রাজধানীর এফডিসিতে আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত প্রাক-বাজেট ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “সরকার টাকা ছাপাচ্ছে—এ ধরনের প্রচারের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।” বরং বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, বিগত সময়ের অর্থনৈতিক ব্যবস্থাপনায় আয় কমে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির একটি বড় অংশ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে, যা অর্থনীতির জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। তিনি আরও অভিযোগ করেন, অতীতে অবকাঠামো উন্নয়নের নামে বিপুল ঋণ নেওয়া হলেও সঠিক পরিকল্পনার অভাবে অর্থনৈতিক চাপ বেড়েছে। পাশাপাশি পরিসংখ্যানকে প্রভাবিত করে উন্নয়নের চিত্র উপস্থাপন করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার কেন্দ্রীয় ব্যাংক বা কোনো খাতে সিন্ডিকেটকে প্রভাব বিস্তার করতে দেবে না জানিয়ে তিনি বলেন, অর্থনীতির গণতন্ত্রায়নের মাধ্যমে সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ আলোচক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো সর্বজনীন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। সঠিকভাবে বাস্তবায়ন হলে এটি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছায়া সংসদ প্রতিযোগিতায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয় জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) এর বিতার্কিক দল। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক তৌহিদুল ইসলাম, সাংবাদিক সাইদুল ইসলাম ও সাংবাদিক গোলাম কাদির রবুসহ বিশিষ্টজনরা।








