হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক, মৃত্যু ছাড়াল সাড়ে চারশো
মানব কথা: দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৩ জনে। শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৬৯ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ৯৬১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৫৭২ জনে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ২৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৬৪৫ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫২৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৮ জনের হাম শনাক্ত হলেও কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে। এদিকে, ১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৯ জনে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা রয়েছে ৭৪ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা এখন অত্যন্ত জরুরি।








