ব্রিজ আছে, কিন্তু সংযোগ সড়ক নেই—এলজিইডির কাজে ক্ষোভ প্রকাশ প্রতিমন্ত্রীর
মানব কথা: পঞ্চগড়ে টাঙ্গন নদীর ওপর নবনির্মিত একটি সেতুর একপাশে যথাযথ সংযোগ সড়ক না থাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর কাজ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।শনিবার বিকেলে নিজের নির্বাচনী এলাকা বোদা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের ধরধরা এলাকায় ৯৬ মিটার দীর্ঘ সেতুটি উদ্বোধন করতে গিয়ে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন।প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংযোগ সড়কের নাজুক অবস্থা দেখে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।তিনি বলেন, “আমার জীবদ্দশায় এমন ব্রিজ দেখিনি। ব্রিজ আছে কিন্তু একপাশে কোনো রাস্তা নেই। ভ্যান যাওয়ার মতোও রাস্তা নেই। এটা কিভাবে সম্ভব?”আরেক পাশে ১২ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ করা হলেও সেতুটি ১৮ ফুট চওড়া হওয়ায় কাজের সমন্বয়হীনতা স্পষ্টভাবে ধরা পড়ে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, এ ধরনের নিম্নমানের কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হবে। তিনি বলেন, “সরকার এ ধরনের অনিয়ম ও নিম্নমানের কাজ কোনোভাবেই বরদাস্ত করবে না।”








