লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

সময়: 9:38 am - May 20, 2026 |

মানব কথা:কক্সবাজারের চকরিয়ায় ডাকাত প্রতিরোধ অভিযানে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৪ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই মামলায় মোট ১৮ আসামির মধ্যে ৫ জনকে খালাস দেওয়া হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর সিদ্দিকী আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মোরশেদ আলম, মো. হেলাল উদ্দিন, নুরুল আমিন ওরফে আমিন এবং মো. নাছির উদ্দিন। তাদের সবার বাড়ি চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায়। এদের মধ্যে মোরশেদ আলম পলাতক রয়েছেন। আদালত সূত্র জানায়, হত্যা ও অস্ত্র আইনে দায়ের করা দুই মামলায় রাষ্ট্রপক্ষ ৫২ জন এবং অস্ত্র মামলায় ৪৬ জন সাক্ষী উপস্থাপন করে। আসামিপক্ষের হয়ে ৭ জন সাফাই সাক্ষী সাক্ষ্য দেন।সরকারপক্ষের আইনজীবীরা জানান, সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন। বিচারক নিরপেক্ষভাবে মামলাটি পর্যালোচনা করেছেন এবং কোনো নির্দোষ ব্যক্তি যেন সাজা না পান, সে বিষয়েও সতর্ক ছিলেন। মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জালাল উদ্দিন ওরফে বাবুল, মোহাম্মদ আরিফ উল্লাহ, আনোয়ার হাকিম, জিয়াবুল করিম, ইসমাইল হোসেন, এনামুল হক ওরফে তোতলা এনাম, মোহাম্মদ এনাম, কামাল ওরফে ভেন্ডি কামাল ও আবদুল করিম। এদের মধ্যে আবদুল করিম পলাতক রয়েছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে চকরিয়ার পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত হন সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার। পরে এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলাটির তদন্ত করেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী।

Share Now

এই বিভাগের আরও খবর