পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
মানব কথা: বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হতে যাচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। আওয়ামী লীগ সরকারের আমলে বাদ পড়া এই নির্দেশনা পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে সংহতির বিষয়টি বিবেচনায় নিয়েই এ উদ্যোগ নেয়া হয়েছে। এর আগে গত বছরের ৭ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে আগের মতো পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধ পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল। তবে সে সময় কূটনৈতিক পাসপোর্ট ছাড়া সাধারণ পাসপোর্টে বিষয়টি পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করলে পাসপোর্ট ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়। এ লক্ষ্যে এপ্রিল ও মে মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র আরও জানায়, সরকারের উচ্চ পর্যায় থেকে ইতোমধ্যে এ বিষয়ে সবুজ সংকেত দেয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে ছাপানো নতুন পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করা হবে। উল্লেখ্য, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে ই-পাসপোর্ট কার্যক্রম চালুর সময় পাসপোর্ট থেকে ‘ইসরাইল ব্যতীত’ লেখাটি বাদ দেয়া হয়। এর আগে বাংলাদেশের প্রচলিত পাসপোর্টে লেখা থাকত— “এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরাইল ছাড়া।” ই-পাসপোর্ট থেকে শব্দবন্ধটি বাদ পড়ার পর বিভিন্ন মহল থেকে তা পুনর্বহালের দাবি উঠে আসে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, পুরোনো পাসপোর্টধারীদের জন্য আপাতত কোনো জটিলতা থাকছে না। বিদ্যমান পাসপোর্টের মেয়াদ শেষ হলে নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবে নতুন সংস্করণের পাসপোর্ট দেয়া হবে।









