জাতিসঙ্ঘ শান্তিরক্ষাকে মানবতার প্রতি দায়িত্ব মনে করে বাংলাদেশ : শামা ওবায়েদ

সময়: 10:21 am - May 21, 2026 |

মানব কথা:বাংলাদেশ জাতিসঙ্ঘ শান্তিরক্ষা কার্যক্রমকে শুধু দায়িত্ব নয়, মানবতার প্রতি এক বড় নৈতিক অঙ্গীকার হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মরক্কোর রাজধানী রাবাত-এ অনুষ্ঠিত ‘ফ্রাংকোফোন পরিবেশে শান্তিরক্ষা’ বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শান্তিরক্ষা কার্যক্রম আরও কার্যকর করতে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ কর্মসূচির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আধুনিক শান্তিরক্ষা কার্যক্রমে উদীয়মান চ্যালেঞ্জের কথা তুলে ধরে শামা ওবায়েদ অপপ্রচার, ডিজিটাল হয়রানি এবং সংঘাতপূর্ণ পরিবেশে প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে আরও কার্যকর সংস্কারের আহ্বান জানিয়ে বাস্তবসম্মত কার্যপরিধি, পর্যাপ্ত বাজেট এবং সেনা ও পুলিশ প্রেরণকারী দেশগুলোর সঙ্গে সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেন। পাশাপাশি শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে জোরালো পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-এর মতো প্রতিষ্ঠানের মাধ্যমে মিশনপূর্ব প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশবান্ধব শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বক্তব্যে তিনি জানান, বিশ্বব্যাপী জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অন্যতম শীর্ষ অবদানকারী দেশ। এ সময় শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো ১৭৪ জন বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। শামা ওবায়েদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের শান্তিকামী পররাষ্ট্রনীতির যে ভিত্তি স্থাপন করেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আমলে তা আরও সুসংহত হয়। পরে তিনি ‘গ্লোবাল গ্রোথ কনফারেন্স ২০২৬’-এ অংশ নিয়ে বৈশ্বিক ভূরাজনীতি ও আন্তর্জাতিক বিভাজনের কৌশলগত প্রভাব নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
সূত্র : বাসস

Share Now

এই বিভাগের আরও খবর