উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: প্রধানমন্ত্রী

সময়: 11:09 am - May 23, 2026 |

মানব কথা:উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে একটি গোষ্ঠী অরাজকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুর আড়াইটায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ধরার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে বলেই একটি পক্ষ এখন অস্থির হয়ে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তিনি অভিযোগ করে বলেন, কিছু গোষ্ঠী আন্দোলন ও অবরোধের নামে দেশে বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টি করতে চায়। তবে তারা কৃষক, শিক্ষা বা গ্রামীণ উন্নয়নের কথা বলে না। ধরার খাল প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু একটি খাল নয়, এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি জড়িত একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। দীর্ঘদিন অবহেলায় থাকায় কৃষকরা সেচ সংকট, জলাবদ্ধতা ও উৎপাদন হ্রাসের সমস্যায় ভুগেছেন। প্রধানমন্ত্রী জানান, প্রায় ৪৫ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন কার্যক্রমে অংশ নিয়েছিলেন। পুনঃখনন সম্পন্ন হলে অন্তত ৪ হাজার ৩০০ কৃষক সরাসরি উপকৃত হবেন এবং প্রায় ২০ হাজার মানুষের জীবনমানের উন্নতি ঘটবে। তিনি আরও বলেন, ময়মনসিংহ জেলায় প্রায় আড়াই হাজার কিলোমিটার খাল রয়েছে, যেগুলো পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। বক্তব্যে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কর্মসূচিও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে “ফ্যামিলি কার্ড” কার্যক্রম, “কৃষক কার্ড” বিতরণ, শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ব্যাগ প্রদান, এবং ধর্মীয় ব্যক্তিদের জন্য সম্মানী চালু করা। তিনি বলেন, তরুণদের দক্ষতা উন্নয়নে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। দেশ পরিচালনাকে একটি পরিবারের সঙ্গে তুলনা করে তিনি বলেন, একদিনে সব সমস্যার সমাধান সম্ভব নয়, তবে ধাপে ধাপে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। সম্প্রতি রাজধানীর একটি শিশুহত্যার ঘটনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীকে আইনের আওতায় এনে বিচার করা হবে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, রাস্তা অবরোধ, যান চলাচল বন্ধ ও সহিংসতা সৃষ্টি করে উন্নয়ন বাধাগ্রস্ত করা হচ্ছে, যা দেশের সাধারণ মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর