হামের রোগীদের দায়িত্বে থাকা ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
মানব কথা:হাম আক্রান্ত রোগী ও জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, “যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি আছে, সেখানে কোনো চিকিৎসক বা নার্স ছুটিতে যাবেন না। জরুরি সেবায় নিয়োজিত সবাই দায়িত্বে থাকবেন।”তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে সার্কুলার জারি করা হয়েছে এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।মন্ত্রী বলেন, হাম রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ঈদের সময়ও চিকিৎসা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।ভ্যাকসিন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টিকা নেওয়ার পরও কিছু ক্ষেত্রে হাম হতে পারে, তবে ভ্যাকসিন রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি আরও বলেন, ভাইরাসের বিস্তার ও রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর নির্ভর করে সংক্রমণ দেখা দিতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ঈদের সময় শিশুদের ভিড় ও জনসমাগম থেকে দূরে রাখার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রান্ত শিশুদের আত্মীয়-স্বজনের বাড়ি বা বেশি ভিড়যুক্ত স্থানে না নেওয়াই ভালো।










