দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক, এক দিনে ১৬ মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
মানব কথা: দেশের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রোববার (২৪ মে) পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে নতুন করে ১ হাজার ৩০৬ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১২৮ জন। গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ৫০ হাজার ৫৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪৬ হাজার ২১৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও, ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৮৬ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যবেক্ষণ ও চিকিৎসা কার্যক্রম জোরদার করার কথা জানিয়েছে।









