স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী

সময়: 10:15 am - May 24, 2026 |

মানব কথা: স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিশুদের জন্য নির্ধারিত পুষ্টিকর খাদ্যের মান ও সরবরাহে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের পুষ্টি, স্বাস্থ্য ও ভবিষ্যৎ নিশ্চিত করতে এ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দায়িত্বপ্রাপ্ত সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ১৫১টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চলমান রয়েছে, যা প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার একটি বড় প্রকল্প। এ ধরনের বিশাল কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম সরকারের জন্য অগ্রহণযোগ্য। তিনি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে বলেন, ব্যবসার নামে শিশুদের খাদ্যের মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। যারা দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হবে, ভবিষ্যতে তাদের এ কার্যক্রমে রাখা হবে না। সভায় প্রতিমন্ত্রী নতুন নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এর মধ্যে রয়েছে সম্পূর্ণ সাপ্লাই চেইন ট্র্যাকিং, ফুড টেকনিশিয়ান নিয়োগ, স্থানীয়ভাবে খাদ্য সংগ্রহ ও সরবরাহ নিশ্চিতকরণ এবং নির্ধারিত সময়ে প্রতিদিন বিদ্যালয়ে খাবার পৌঁছে দেওয়া।তিনি আরও বলেন, খাদ্য কোথা থেকে আসছে, কীভাবে প্রক্রিয়াজাত হচ্ছে এবং কার মাধ্যমে বিদ্যালয়ে পৌঁছাচ্ছে—সবকিছুর পূর্ণাঙ্গ তথ্য সরকারের কাছে থাকতে হবে। প্রতিমন্ত্রী জানান, এটি একটি পাইলট কর্মসূচি। মাঠ পর্যায়ের সমস্যা সমাধান করে ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে সারাদেশে এটি বাস্তবায়ন করা হবে।সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর