দেশে বাড়ছেই হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু

সময়: 10:20 am - May 29, 2026 |

মানব কথা:দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৩২ শিশু। শুক্রবার (২৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৪৮৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯০ শিশু। সব মিলিয়ে গত আড়াই মাসে হাম ও হামের উপসর্গে দেশে মোট ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে একদিনে নতুন করে ৭৩২ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর