রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু কাল, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা : আইনমন্ত্রী
মানব কথা:আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কার্যক্রম আগামীকাল (১ জুন) শুরু হচ্ছে। মামলার আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। রোববার (৩১ মে) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, “শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হবে। আমাদের হাতে থাকা তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলে আমরা প্রত্যাশা করছি।”সংবিধান সংশোধন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। মন্ত্রী বলেন, “আমাদের পক্ষ থেকে সাতজন সদস্যের নাম দেওয়া হয়েছে। অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজনকে রাখা হয়েছে এবং বিরোধী দলের জন্য পাঁচটি স্থান নির্ধারণ করা হয়েছে। তাদের পক্ষ থেকে নাম পাওয়া গেলে জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নেওয়া হবে।”আইনমন্ত্রী জানান, মানবাধিকার আইন ও গুম কমিশন আইন নিয়ে ইতোমধ্যে প্রথম পর্যায়ের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মহল থেকে পাওয়া সুপারিশগুলো যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে বাস্তবসম্মত প্রস্তাবগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।মাদকের বিস্তার রোধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা আমাদের দায়িত্ব। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে মন্ত্রী বলেন, সারাদেশে ৪ কোটি পরিবারকে ফ্যামেলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ধাপে ধাপে দেশের সব এলাকায় কৃষক কার্ড চালু করা হবে। তিনি আরও জানান, মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের জন্য সরকারিভাবে ভাতা চালুর বিষয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দ।









