তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

সময়: 1:38 pm - November 1, 2026 |

জিয়াউল হক টুটুল:

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি—উদ্যোগ (UDYOG)’ প্রকল্পের আওতায় ঋণ ও অনুদান মিলিয়ে এ অর্থ দেওয়া হবে। প্রথম পর্যায়ে আট জেলার আবেদন গ্রহণের পর এবার দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) থেকে এসব জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা আবেদন করতে পারছেন। আবেদন গ্রহণ চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের এ কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একই সঙ্গে এককালীন প্রদান করা হবে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চল ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। কর্মসূচির প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে। প্রাথমিক পর্যায়ে আবেদন নেওয়া জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। বর্তমানে এসব জেলা থেকে জমা পড়া আবেদনগুলো যাচাই-বাছাই করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগ্রহী তরুণ উদ্যোক্তারা ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তপশিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তপশিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্যসহ আবেদন জমা দেওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে যোগ্য উদ্যোক্তাদের অর্থায়নের আওতায় আনা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর