পরিবারকেন্দ্রিক নেতৃত্বে আটকে রাজনৈতিক দল, বন্ধ হয়নি কালো টাকার ব্যবহার: টিআইবি
মানব কথা ডেস্ক:
রাজনৈতিক দলগুলোতে এখনো কালো টাকার ব্যবহার বন্ধ হয়নি। পাশাপাশি পরিবারকেন্দ্রিক নেতৃত্বের কারণে দলগুলোর নেতৃত্বে বৈচিত্র্য তৈরি হচ্ছে না। একাধিক রাজনৈতিক দলে নারী নেতৃত্বের বিকাশও ঘটেনি। এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রোববার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক কর্মকাণ্ডে সহিংসতা কমে আসবে। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের কাঠামো নিয়েও উদ্বেগ প্রকাশ করে টিআইবি। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, পরিবারকেন্দ্রিক নেতৃত্বের কারণে রাজনৈতিক দলগুলোতে নেতৃত্বের বৈচিত্র্য গড়ে উঠছে না। পাশাপাশি একাধিক দলে নারী নেতৃত্বের বিকাশও সীমিত রয়েছে।
রাজনৈতিক দল সংস্কারে টিআইবির সুপারিশ:
রাজনৈতিক দলগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮-এর প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করেছে টিআইবি।
সংস্থাটির সুপারিশগুলোর মধ্যে রয়েছে—
- আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত সহজ করা।
- নির্দিষ্ট সময় পরপর পর্যালোচনা ও সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন নবায়নের ব্যবস্থা করা।
- আরপিও, ১৯৭২ অনুযায়ী সংসদ সদস্য নির্বাচনে অযোগ্য ব্যক্তিদের নিবন্ধিত রাজনৈতিক দলের সাধারণ কমিটির সদস্য না করার বিধান রাখা।
- নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় দলীয় সদস্যদের গোপন ভোটে তৈরি প্যানেল থেকে প্রার্থী চূড়ান্ত করা।
- জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীর অন্তত তিন বছরের দলীয় সদস্যপদ থাকা বাধ্যতামূলক করা।
- সব রাজনৈতিক দলের আর্থিক প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ বাধ্যতামূলক করা।
টিআইবির মতে, এসব সংস্কারের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।









