শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
মানব কথা: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনা ও দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বজায় রাখার স্বার্থেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। রাজনীতিতে যোগদানের আগে তিনি বিচার বিভাগে কর্মরত ছিলেন। ২০০৫ সালে যুগ্ম জেলা জজের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন। পরবর্তীতে ২০১০ সালে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন এবং ২০১৬ সাল থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। উল্লেখ্য, দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।









