স্পিকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
মানব কথা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার (২ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে। তিনি মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কূটনীতিক আর্চার কেন্ট ব্লাডের ভূমিকার কথাও স্মরণ করেন। হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়েছে। তিনি দাবি করেন, দেশে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্র ও অধিকার রক্ষার আন্দোলনে সোচ্চার থেকেছে। বৈঠকে উভয় পক্ষ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সংসদীয় ককাস ফোরামে গণতন্ত্র দিবস উদযাপন, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে সহযোগিতা এবং চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশে তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে মতবিনিময় হয়। সাক্ষাৎকালে স্পিকার বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন এবং এ সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের আরও কার্যকর ভূমিকা কামনা করেন। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এসময় স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান। বৈঠকে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









