প্রবাসীদের অভিযোগ শুনতে মন্ত্রণালয়ের নতুন সেল

সময়: 12:24 pm - June 2, 2026 |

মানব কথা: বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (২ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নতুন এ সেল আজ থেকেই কার্যক্রম শুরু করবে। মন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত প্রবাসীরা সরাসরি তাদের অভিযোগ ও সমস্যার কথা এই সেলের কাছে জানাতে পারবেন। অভিযোগ গ্রহণের জন্য ই-মেইলের পাশাপাশি হোয়াটসঅ্যাপ সুবিধাও যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অফিস আদেশ অনুযায়ী, মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব/যুগ্মসচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ সেল গঠন করা হয়েছে। সেলের অন্যান্য সদস্যরা হলেন কল্যাণ অধিশাখার যুগ্মসচিব/উপসচিব, আইন শাখার উপসচিব/সিনিয়র সহকারী সচিব, সেবা ও প্রটোকল শাখার উপসচিব/সিনিয়র সহকারী সচিব এবং এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব। এর মধ্যে এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, [email protected] এবং [email protected] ই-মেইল ঠিকানায় প্রাপ্ত অভিযোগ দ্রুত যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সেলটি। এছাড়া অভিযোগের ধরন, গৃহীত পদক্ষেপ এবং নিষ্পত্তির অগ্রগতি সম্পর্কে দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রী ও সচিবের কাছে প্রতিবেদন উপস্থাপন করা হবে।প্রয়োজন অনুযায়ী সেলের কার্যক্রম আরও কার্যকর করতে অতিরিক্ত সদস্যও অন্তর্ভুক্ত করা যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ উদ্যোগের ফলে বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের অভিযোগ দ্রুত সমাধানের পাশাপাশি প্রবাসীদের সেবা প্রদান আরও গতিশীল হবে।

Share Now

এই বিভাগের আরও খবর