বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারাদেশে জামায়াতের বিক্ষোভ
মানব কথা:বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বর্ধিত বিদ্যুৎ মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এ কর্মসূচির ডাক দিয়েছে দলটি।বুধবার (৩ জুন) এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে আজ বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম-এর উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে তড়িঘড়ি করে বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে এমনিতেই নিম্ন ও মধ্যবিত্ত মানুষ সংকটে রয়েছে। এর মধ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।জামায়াতের দাবি, নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের গড় দাম প্রতি ইউনিট ৭ টাকা থেকে বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা এবং খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সা হয়েছে। পাশাপাশি সঞ্চালন চার্জও প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
দলটির মতে, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে শিল্প, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের উৎপাদন ব্যয় বাড়বে। এর প্রভাব পড়বে বাজারে, ফলে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বৃদ্ধি পেতে পারে।বিবৃতিতে বিদ্যুৎ খাতের দুর্নীতি, অপচয় এবং ক্যাপাসিটি চার্জের বোঝাকে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানায় দলটি।জামায়াত নেতারা বলেছেন, জনদুর্ভোগ লাঘবে সরকারকে দ্রুত বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।









