হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪১১
মানব কথা :দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১১ শিশু। শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে মারা যাওয়া পাঁচ শিশুরই মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এ সময় ২৪৩ জন শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৬৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৬১০ শিশুর মৃত্যু হয়েছে।
আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক:
একই সময়ে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৭৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০৩ জনের শরীরে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৬২ হাজার ২৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৫৮ হাজার ১৫৪ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
সতর্ক থাকার আহ্বান
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, জ্বর ও শরীরে লালচে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত শিশুকে আলাদা রাখার মাধ্যমে রোগের বিস্তার কমানো সম্ভব। হামের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের আরও সতর্ক থাকার এবং জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের প্রয়োজনীয় টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।








