সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

সময়: 5:00 pm - June 5, 2026 |

মানব কথা:সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতায় সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না এবং সাংবাদিকদের পেশাগত অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে। শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, অতীতে সংবাদ প্রকাশে সাংবাদিকদের নানা ধরনের চাপ ও বাধার মুখোমুখি হতে হলেও বর্তমান সরকার গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছে। কোনো সংবাদ প্রকাশে সরকারের পক্ষ থেকে চাপ প্রয়োগের অভিযোগ কেউ তুলতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারে ভুয়া ছবি, ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তথ্য যাচাইয়ের গুরুত্ব আগের চেয়ে অনেক বেড়েছে।

সাংবাদিকদের কল্যাণ প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমকর্মীদের আবাসন সুবিধা সংরক্ষণ, বকেয়া বেতন পরিশোধ এবং কর্মপরিবেশ উন্নয়নে সরকার কাজ করছে। পাশাপাশি সংবাদমাধ্যম মালিকদের প্রতি সাংবাদিকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌক্তিক সমালোচনা রাষ্ট্র পরিচালনায় সীমাবদ্ধতা চিহ্নিত করতে সহায়ক ভূমিকা রাখে। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় সাংবাদিকরা আবাসন সংকট, ওয়েজ বোর্ড বাস্তবায়ন, বেকার সাংবাদিকদের কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।অনুষ্ঠানের শুরুতে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ফিতা কেটে সিএমইউজের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Share Now

এই বিভাগের আরও খবর