হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৭৫ হাজার ছাড়াল
মানব কথা:দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৫ শিশু।বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৫ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে মারা গেছে ৫১৪ জন এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মৃত্যু হয়েছে ৯১ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৬ জন শিশু সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে। এদিকে, একই সময়ে নতুন করে ৬৯ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২৬০ জনে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৬১ হাজার ১৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৫৭ হাজার ১৪২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে শিশুদের টিকাদান কর্মসূচির আওতায় আনা এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তারা।









