হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৩২
মানব কথা : দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২ শিশু। শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় দুই শিশু এবং সিলেটে এক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫২২ শিশু। এছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর আরও ৯১ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৩ জনে। এদিকে একই সময়ের মধ্যে দেশে ৭৭ হাজার ৭৯১ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৩ হাজার ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ৯৬৪ শিশু। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত পরীক্ষার মাধ্যমে ৯ হাজার ৬২০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, টিকাদান কর্মসূচির আওতা বৃদ্ধি এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা গেলে সংক্রমণ ও মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব।









