হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
মানব কথা ডেস্ক:
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়নি। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া সাতজনের মধ্যে চারজন ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৯৫ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে।









