ঢাকার উন্নয়নে সরকার ও মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতা থাকবে: মির্জা ফখরুল
মানব কথা :ঢাকাকে আরও বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরীতে রূপ দিতে সরকার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর বিজয়নগরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, শুধু আন্দোলন বা আলোচনা নয়, বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমেই রাজধানীর দীর্ঘদিনের সমস্যা সমাধান করতে হবে। এ ক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। তিনি বলেন, কখনো কখনো তার নিজেরও মনে হয় ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যান। কারণ, ঘর থেকে বের হলেই দূষিত বাতাসের মুখোমুখি হতে হয়। রাজধানীর পরিবেশগত অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নাগরিকদের সচেতনতার পাশাপাশি নীতিনির্ধারকদেরও আরও দায়িত্বশীল ও পরিকল্পিতভাবে কাজ করতে হবে। মির্জা ফখরুল বলেন, ঢাকা শহরে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও নগরবাসী প্রকৃতপক্ষে কতটা উপকৃত হচ্ছে, সেটি মূল্যায়ন করা জরুরি। বাসযোগ্য নগর গড়তে কার্যকর পরিকল্পনা, জবাবদিহি এবং কাঠামোগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ছাত্রজীবনের স্মৃতিচারণ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, একসময় বুড়িগঙ্গা নদীতে নৌকায় ঘুরে বেড়ানো যেত। কিন্তু বর্তমানে বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর পানি এতটাই দূষিত যে সেখানে যাওয়া কঠিন হয়ে পড়েছে। নদী দূষণ রোধে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, বিপুল অর্থ ব্যয়ে ড্রেন নির্মাণ হলেও অনেক এলাকায় এখনো জলাবদ্ধতার সমস্যা রয়ে গেছে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়াকে রাজধানীর জন্য বড় ধরনের পরিবেশগত ঝুঁকি হিসেবে উল্লেখ করেন।অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের সভাপতিত্বে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, পরিবেশবিদ আইনুন নিশাত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবিরুল বাশার এবং নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খানসহ বিভিন্ন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।









