রামিসা হত্যা মামলার রায় কাল, দুই আসামির মৃত্যুদণ্ড প্রত্যাশা রাষ্ট্রপক্ষের

সময়: 12:39 pm - June 6, 2026 |

মানব কথা:রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার রায় আগামীকাল (রোববার) ঘোষণা করা হবে।ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করবেন। রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বলেন, সাক্ষ্য-প্রমাণ, আলামত ও অন্যান্য তথ্যের ভিত্তিতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়েছে। তাই ন্যায়বিচারের স্বার্থে তাদের মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মুসা কালিমুল্লাহ বলেন, তারা আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছেন। এর আগে গত বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল ৭ জুন রায়ের দিন ধার্য করেন।

যেভাবে ঘটে হত্যাকাণ্ড:

মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে পল্লবীর একটি বাসা থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হলে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যায় আসামি স্বপ্না। পরে শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। রামিসাকে খুঁজতে গিয়ে তার বাবা-মা আসামিদের কক্ষের সামনে শিশুটির জুতা দেখতে পান। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সেখানে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বপ্না আক্তারকে আটক করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

দ্রুত তদন্ত ও বিচার:

ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আদালতে সোহেল রানা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। তদন্ত শেষে মাত্র কয়েক দিনের মধ্যে পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত ১ জুন আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।মামলায় চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। দ্রুত বিচারিক কার্যক্রম শেষে আগামীকাল এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর