১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
মানব কথা: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দুইদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন। আগামী ১৪ জুন ও ১৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের চকরিয়া, পেকুয়ায় আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি।ওই দিন বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে অনুষ্ঠিতব্য জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভাকে সফল করতে ইতোমধ্যে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে।সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ জুন সকাল ১০টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পিএমখালীর পাতলি খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন ও উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেবেন। বেলা ১১টায় ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পার্ক পরিদর্শন করবেন। পরে পেকুয়ায় শহীদ ওয়াসীমের কবর জিয়ারত, পেকুয়া পৌরসভা ও নবগঠিত মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন। দুপুরে পেকুয়ায় সাঈদ মঞ্জিলে মধ্যাহ্নভোজে অংশ নিবেন।
বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। চকরিয়া জনসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে প্রধানমন্ত্রী সড়কপথে কক্সবাজার গিয়ে সন্ধ্যায় কক্সবাজার জেলায় কর্মরত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি সফরসঙ্গীসহ কক্সবাজার সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। পরদিন ১৫ জুন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে সুধী সমাবেশে বক্তব্য দেবেন।এদিকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই দিনের কক্সবাজার সফর সরাসরি তদারকি করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চারদিনের সফরে আগামী ১২ জুন কক্সবাজার যাবেন।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এনামুল হক বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়া আসবেন – এই খবরে পুরো চকরিয়ার সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আমেজ বয়ে যাচ্ছে। দেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি দেখতে ও উনার মূল্যবান বক্তব্য শুনতে চকরিয়াবাসী অপেক্ষার প্রহর গুণছেন। আশা করছি, লাখো জনতার সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক দ্রুত ছয় লেনে উন্নীতকরণ, কক্সবাজারবাসীর প্রত্যাশার পাবলিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ঘোষণা দিতে পারেন।চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী কালবেলাকে জানান, জনসভায় বৃহত্তর চকরিয়ার প্রত্যন্ত এলাকা থেকে নারী-পুরুষ মিলিয়ে ৫০ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকা ও আশপাশের অঞ্চল থেকে আগত প্রায় ৩ লাখ মানুষের সমাগম ঘটতে পারে বলে নেতৃবৃন্দ আশা করছেন।এদিকে জনসভা সফল করার লক্ষ্যে শুক্রবার ও শনিবার (৫ ও ৬ জুন) চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভা বিএনপি পৃথক প্রস্তুতি সভা সম্পন্ন করেছে।এতে উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









