এক দিনে হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৯২
মানব কথা:দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৯২ জন নতুন করে হামে বা হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর এবং নিশ্চিত হামে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত হামের উপসর্গে ৫৩৬ জন এবং নিশ্চিত হামে ৯২ জন শিশুর মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৮ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় ৯৩ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ৯ হাজার ৭৭৯ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮০ হাজার ১০৪ জন। তাদের মধ্যে ৬৫ হাজার ২৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ২৭৮ জন।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং অভিভাবকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি।








