এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
মানব কথা:চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি জানান, শিক্ষা ব্যবস্থার নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হবে ২০২৮ সাল থেকে। সোমবার (৮ জুন) সচিবালয়ে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করতে কারিকুলাম পরিমার্জনের কাজ চলমান রয়েছে। শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর পাঠ্যক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। আর ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে অতীতের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরতে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।








