‘বেস্ট ক্লাব অব দ্য ইয়ার’ সম্মাননা পেল লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি

সময়: 1:07 pm - June 8, 2026 |

মানব কথা: মানবসেবা, তরুণ নেতৃত্বের বিকাশ এবং সামাজিক দায়বদ্ধতায় ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে ‘বেস্ট ক্লাব অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। শুক্রবার (৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের লায়ন হুমায়ুন জহির অডিটোরিয়ামে অনুষ্ঠিত লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩, বাংলাদেশের ৩০তম বার্ষিক লিও ডিস্ট্রিক্ট সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অধিবেশন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়।সম্মেলনে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৫-২০২৬ লায়ন মাসুদুজ্জামান মাসুম। অনুষ্ঠানে সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর প্রফেসর ড. কাজী মাজহারুল ইসলাম দোলন, লায়ন আব্দুল্লাহ খালিদ, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন শহিদুল্লাহসহ ডিস্ট্রিক্টের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মানবসেবামূলক কার্যক্রম, সামাজিক উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক সাফল্যের জন্য ডিস্ট্রিক্টের সেরা ক্লাব হিসেবে ‘বেস্ট ক্লাব অব দ্য ইয়ার’ সম্মাননা লাভ করে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। ক্লাবটির পক্ষে সম্মাননা ট্রফি গ্রহণ করেন উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি একই সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত একজন সমাজসেবক।

সম্মাননা গ্রহণ শেষে আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান বলেন, “এই অর্জন শুধু একটি ক্লাবের নয়, এটি মানবসেবা, নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকারের স্বীকৃতি। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করে লিও আন্দোলনের সুনাম অক্ষুণ্ণ রাখতে আমরা কাজ করে যাব।” অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, স্বেচ্ছাসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে লিও সদস্যদের অবদান প্রশংসনীয়। তরুণদের নেতৃত্ব বিকাশ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে লিও আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দিনব্যাপী আয়োজনে উদ্বোধনী অধিবেশনের পাশাপাশি নেতৃত্ব উন্নয়ন বিষয়ক আলোচনা, সাংগঠনিক কার্যক্রম এবং সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘বেস্ট ক্লাব অব দ্য ইয়ার’ স্বীকৃতি লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির ভবিষ্যৎ কার্যক্রমে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর লিও আন্দোলনে এটি একটি গৌরবোজ্জ্বল মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

Share Now

এই বিভাগের আরও খবর