লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি১-এর নবনির্বাচিত নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা
মানব কথা:লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি১, বাংলাদেশের ২০২৬-২০২৭ লায়নিস্টিক বর্ষের নবনির্বাচিত নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ডিস্ট্রিক্টের পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর (পিডিজি), লায়ন লিডার ও সদস্যদের অংশগ্রহণে ভ্রাতৃত্ব, ঐক্য ও মানবসেবার এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান, প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর (ভিডিজি) রফিকুল বারি মুক্তা এবং দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর (ভিডিজি) ফরিদা ইয়াসমিন জেসমিনকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, যিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা। এ সময় তিনি বলেন, নবনির্বাচিত নেতৃত্বের দক্ষ পরিচালনায় ডিস্ট্রিক্ট ৩১৫-বি১ আরও শক্তিশালী, গতিশীল এবং মানবসেবামুখী সংগঠন হিসেবে এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, লায়ন্স ইন্টারন্যাশনালের সেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে সকল লায়ন সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবসেবা, ভ্রাতৃত্ব এবং নেতৃত্বের বিকাশই লায়ন্স ইন্টারন্যাশনালের মূল লক্ষ্য। নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে সংগঠনের কার্যক্রমে নতুন গতি আসবে এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা সংগঠনের অগ্রযাত্রায় পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ও জ্যেষ্ঠ লায়ন নেতাদের অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ডিস্ট্রিক্ট ৩১৫-বি১-এর সব সদস্যকে নবনির্বাচিত নেতৃত্বের প্রতি সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের সমাপনীতে মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি “লায়নিজম দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক”—এই প্রত্যয়ের মাধ্যমে ভ্রাতৃত্ব, সেবা ও মানবতার বন্ধন আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।















