ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: মাহদী আমিন

সময়: 6:44 am - June 9, 2026 |

মানব কথা :দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে নতুন কারিকুলামে ক্রীড়া, সংস্কৃতি এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে একটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। সোমবার (৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। মাহদী আমিন বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষার ফল বা সনদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং প্রযুক্তি, নেতৃত্ব, খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা ও কর্মদক্ষতায় সমানভাবে এগিয়ে যাবে। তিনি জানান, নতুন পাঠ্যক্রমে ক্রীড়া শিক্ষা, সংস্কৃতি শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ অন্তর্ভুক্ত করা হবে। এসব বিষয়ের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নাগরিক সচেতনতা এবং বাস্তব জীবনের দক্ষতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক যোগাযোগ সক্ষমতা বাড়াতে তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ধাপে ধাপে পরিবর্তন আনা হবে।

তিনি জানান, নতুন কারিকুলাম বাস্তবায়ন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের কারণে সব পরিবর্তন একসঙ্গে বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে আগামী বছর থেকে আরও বিস্তৃত সংস্কার কার্যক্রম শুরু হবে। শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রায় ১৪ লাখ ট্যাব সরবরাহের পরিকল্পনার কথাও জানান মাহদী আমিন। তিনি বলেন, আগামী অর্থবছরের বাজেটে এ বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা রাখা হয়েছে। বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশে ‘স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, উদ্ভাবনী ধারণা উপস্থাপনকারী শিক্ষার্থীদের সিড ফান্ডিং দেওয়া হবে, যাতে তারা উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে। কারিগরি শিক্ষাকে মূলধারায় আনতে জাতীয় পর্যায়ে স্কিলস কম্পিটিশন, ক্যারিয়ার ফেয়ার এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই চাকরির সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। পরিবেশ সংরক্ষণে সরকারের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন মাহদী আমিন। তিনি বলেন, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করা হবে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অধিদপ্তরের প্রধান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর