প্রশাসনের ৮ গুরুত্বপূর্ণ পদে রদবদল, বদলি-পদায়ন পেলেন ৮ কর্মকর্তা

সময়: 7:32 am - June 9, 2026 |

মানব কথা :প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছে সরকার। উপসচিব, সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব পদমর্যাদার মোট আট কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। মঙ্গলবার (৯ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১০ মে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত হওয়া বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন উপসচিব নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করেননি। এ কারণে তাদের আগামী ১১ জুন বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১১ জুন অপরাহ্ন থেকে তারা স্বয়ংক্রিয়ভাবে বর্তমান কর্মস্থল থেকে ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য হবেন।বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্র, চট্টগ্রামের উপ-পরিচালক মো. দিদারুল আলম। তাকে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) হিসেবে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. মো. শেখ ছাদেককে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক মিজু ফেরদৌসী বেগমকে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। পৃথক আদেশে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সিনিয়র সহকারী সচিব) নয়ন কুমার রাজবংশীকে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে।এদিকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদমর্যাদার তিন কর্মকর্তারও নতুন দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী পরিচালক মো. মহিউদ্দীন শামীমকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব, ক্যাডার বহির্ভূত) মো. জাহাঙ্গীর আলমকে একই মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের সহকারী পরিচালক মো. একরামুল হককে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। সরকারের এ পদায়নের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর