চার বিশ্ববিদ্যালয়ে পাঁচ নতুন প্রো-ভিসি নিয়োগ

সময়: 9:51 am - June 10, 2026 |

মানব কথা:দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাঁচজন নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কয়েকজন বর্তমান প্রো-ভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজ নিজ মূল কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি (একাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন। একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মো. সফিকুল ইসলামকে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী। এদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের ডিন ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে।

যাদের অব্যাহতি দেওয়া হয়েছে:

সরকারি প্রজ্ঞাপনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) মোহাম্মাদ শামীম উদ্দিন খান, প্রো-ভিসি (প্রশাসন) ড. কামাল উদ্দিন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ রেজুয়ানুল হককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের মূল পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনে পরিবর্তনের ধারাবাহিকতা

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-ভিসি ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে ধারাবাহিকভাবে পরিবর্তন আনা হচ্ছে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সম্প্রতি দাবি করেছে, সরকার দায়িত্ব নেওয়ার পর ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মেয়াদ শেষ হওয়ার আগেই অব্যাহতি দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাবের অভিযোগ রয়েছে। যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনে নতুন নিয়োগের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে গতি ও প্রশাসনিক দক্ষতা বাড়বে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।

Share Now

এই বিভাগের আরও খবর