রেমিট্যান্সে আড়াই শতাংশ প্রণোদনা অব্যাহত
মানব কথা:বৈধ চ্যানেলে প্রবাসী আয় প্রবাহ আরও উৎসাহিত করতে রেমিট্যান্সে ২ দশমিক ৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই বৈধ পথে অর্থ প্রেরণে উৎসাহ দিতে নগদ প্রণোদনা অব্যাহত রাখা হয়েছে। তিনি আরও জানান, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গঠন এবং প্রবাসীদের কল্যাণে সরকার একাধিক উদ্যোগ বাস্তবায়ন করছে।
কর্মসংস্থান ও শ্রমবাজারে নতুন উদ্যোগ:
অর্থমন্ত্রী বলেন, “করবো কাজ, গড়বো দেশ” নীতির আলোকে সরকার জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি শ্রমিকদের আইনি সুরক্ষা আরও শক্তিশালী করতে নতুন শ্রম (সংশোধন) আইন, ২০২৬ জারি করা হয়েছে।নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মক্ষেত্রে যেকোনো ধরনের সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। নারীদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা সম্প্রসারণের পাশাপাশি সম্পূর্ণ নারী পরিচালিত ‘পিঙ্ক বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।এছাড়া শিশু শ্রম নির্মূলে ২০২৬-২০৩০ জাতীয় কর্মপরিকল্পনার খসড়া প্রস্তুত করা হয়েছে।
প্রবাসী কল্যাণে বিশেষ কার্ড ও নতুন বাজার:
অর্থমন্ত্রী জানান, প্রবাসী কর্মীদের কল্যাণে একটি বিশেষ ‘প্রবাসী কার্ড’ চালু করা হচ্ছে, যা বীমা, ব্যাংকিং সুবিধা, জরুরি সহায়তা ও অন্যান্য সেবার সঙ্গে সংযুক্ত থাকবে। তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের নতুন বাজার হিসেবে রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া ও নর্থ মেসিডোনিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়াও চলছে। অর্থমন্ত্রী আরও জানান, দক্ষ জনশক্তি গঠনে বিদেশে চাহিদাসম্পন্ন খাতভিত্তিক প্রশিক্ষণ, কারিকুলাম উন্নয়ন, সার্টিফিকেশন ও অ্যাক্রেডিটেশন ব্যবস্থা জোরদার করা হচ্ছে।তিনি বলেন, সম্প্রতি এক মাসে রেমিট্যান্স প্রবাহ ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। এই ধারা অব্যাহত রাখতে সরকার প্রবাসী আয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে।









