বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক
মানব কথা: শিগগিরই আরব আমিরাতে পাঠানো হবে প্রত্যর্পণের আবেদন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিগগিরই সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে তার প্রত্যর্পণের (এক্সট্রাডিশন) আবেদন পাঠানো হবে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।সোমবার (১৫ জুন) তিনি এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও কাগজপত্র তৈরির কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।এর আগে লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রাকালে দুবাইয়ে ট্রানজিটের সময় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। দুদকের দায়ের করা মামলার ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা (ইন্টারপোল)-এর জারি করা রেড নোটিশ অনুসারে তাকে আটক করা হয়।
পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানায়, প্রয়োজনীয় নথিপত্রসহ ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণের আবেদন পাঠাতে হবে। সে অনুযায়ী দ্রুত আবেদন পাঠানোর উদ্যোগ নিয়েছে দুদক। উল্লেখ্য, গত ১২ জুন দুদকের মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাইয়ে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। বর্তমানে তাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়ার প্রস্তুতি চলছে।








