পবিত্র আশুরা পালিত হবে ২৬ জুন

সময়: 6:36 pm - June 16, 2026 |

মানব কথা:দেশের আকাশে পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মুহররম মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৬ জুন (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত নেয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেকসহ ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ইসলামি ইতিহাসে পবিত্র আশুরা বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন। হিজরি সনের প্রথম মাস মুহররমের ১০ তারিখকে আশুরা হিসেবে পালন করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর