হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

সময়: 6:45 pm - June 16, 2026 |

মানব কথা: দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও হাম আক্রান্ত হয়ে মোট ৬৫৭ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গে মারা যাওয়া শিশুটির বাড়ি খুলনা বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৬৪ শিশু। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। এ সময়ে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৭ হাজার ৯২৯ শিশুর মধ্যে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ১০ হাজার ৫২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৭২ হাজার ৪০৫ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৮ হাজার ৭৮২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৪২ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৩৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০৪ জন।

Share Now

এই বিভাগের আরও খবর