আদালতে দীপু মনির জামিন আবেদন খারিজ
মানব কথা:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার শাহবাগ ও পল্টন এলাকায় সংঘটিত দুই হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। দীপু মনির পক্ষে আইনজীবী রাশিদা আক্তার জুঁথি জামিন আবেদন করে শুনানি করেন। পরে আদালত আবেদনটি খারিজ করে দেন। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম।মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের দিন শাহবাগ থানার চানখারপুল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ঝুট ব্যবসায়ী মো. মনির গুলিতে নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী রোজিনা আক্তার চলতি বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।মামলায় ৩৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। অপর মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর পল্টনের তোপখানা এলাকায় গুলিতে নিহত হন রিয়াজুল তালুকদার। এ ঘটনায় তার সহকর্মী বিল্লাল হোসেন গত বছরের ১২ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা করেন।দুই মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির জামিন আবেদন শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।









