ভবিষ্যৎ মহামারি ও সংক্রামক রোগ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মানব কথা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, ভবিষ্যতে সম্ভাব্য মহামারি ও সংক্রামক রোগ মোকাবিলায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ বাজেটেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শুধু চিকিৎসকদের ওপর নির্ভর করে দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এ খাতে নার্স ও মিডওয়াইফের ব্যাপক সংকট রয়েছে, যা পূরণে উদ্যোগ নেওয়া প্রয়োজন। বর্তমানে বিদ্যমান জনবল আরও ৩ থেকে ৫ শতাংশ বাড়ানো দরকার বলেও তিনি মন্তব্য করেন। ডা. এম এ মুহিত আরও বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ চিকিৎসক শহরকেন্দ্রিকভাবে কাজ করেন, অথচ জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে। এ কারণে গ্রামীণ স্বাস্থ্যসেবায় ভারসাম্য আনতে নীতিগত পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকার সিস্টেম শক্তিশালীকরণ, জনবল বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার পরিসর গ্রাম পর্যায়ে বিস্তারের ওপর গুরুত্ব দিচ্ছে।










